ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ফারুকী পার্কস্থ স্মৃতিসৌধে একত্রিশবার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এ সময় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত শেষে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা স্মারক এবং বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া বেলা ১১টায় একই স্টেডিয়ামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
মহান স্বাধীনতা দিবসে মাতৃভূমির জন্য আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা।