দ্রুত, স্বচ্ছ ও দালালমুক্ত সেবা নিশ্চিতে আশুগঞ্জে ভূমিসেবা মেলা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে মেলার শেষ দিনে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “ভূমি” অ্যাপের মাধ্যমে ঘরে বসেই এক প্ল্যাটফর্মে বিভিন্ন ভূমি সেবা পাওয়া যাবে। ক্যাশলেস ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত, স্বচ্ছ ও দালালমুক্ত সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আশুগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জানানো হয়, এখন থেকে ঘরে বসেই এক প্ল্যাটফর্মে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যাবে “ভূমি” অ্যাপের মাধ্যমে। ক্যাশলেস ট্রানজেকশনভিত্তিক এ সেবা ব্যবস্থায় বাড়বে গতি, নিশ্চিত হবে স্বচ্ছতা এবং কমবে জনগণের ভোগান্তি।

আশুগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। এছাড়া উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি সেলিম পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা শুধু সময়ই বাঁচাবে না, দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য ভূমি সেবা।