গত কয়েকদিনের তীব্র গরম আর উষ্ণ আবহাওয়ার পর আজ মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ভারী বর্ষণসহ কালবৈশাখী ঝড় হয়েছে। ঝড়ে কসবায় একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। এ ঘটনায় ওই এলাকায় মোবাইলফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
সকাল ৭টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উত্তরপশ্চিমের আকাশ কালো মেঘে ছেয়ে অন্ধকার নেমে আসে। এরপর শুরু হয় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত।
স্থানীয়রা জানান, ঝড়ের কারণে তিনলাখপীর বাস স্ট্যান্ডের কাছে একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মোবাইলফোন গ্রাহকরা। এ ছাড়া, ঝড়ের সময় কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে। এতে করে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
একই উপজেলার বাদৈর ইউনিয়নের বাদৈর বাজারের সড়কে একটি গাছ উপড়ে পড়ে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদে গাছ পড়ে মসজিদের একাংশ ভেঙে গেছে।
এদিকে তীব্র ঝড়ে আখাউড়া উপজেলার নারায়ণপুরে আখাউড়া-আগরতলা সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, বটতলী ভাদুঘর এলাকায় গাছপালা বিধ্বস্ত হয়েছে। আশুগঞ্জ উপজেলার তালশহরে রেললাইনে গাছ পড়ে অন্তত ২০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়। নবীনগর উপজেলার, বিট ঘর, কাইতলা, শিবপুরসহ বিভিন্ন ইউনিয়নে গাছপালা পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
ঝড় ও ভারী বর্ষণে বিপাকে পড়ে এসএসসি পরীক্ষার্থীরা। ভারী বর্ষণের কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে বিলম্ব হয়। তারা এ পরিস্থিতির কারণে পরীক্ষার সময় বাড়িয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, বৈরী আবহাওয়ার কারণে যেসব কেন্দ্রে বিলম্বে পরীক্ষার্থীরা এসেছেন, সেসব কেন্দ্রের কেন্দ্র সচিবদের বিলম্বে পরীক্ষা শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব স্থানে ঘরবাড়ি গাছপালা, বিদ্যুতের খুঁটি বিধ্বস্ত হয়েছে সেসব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে তালিকা পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।