খুলনার তেরখাদা থানাধীন মধুপুর উত্তর পাড়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় স্থানীয় বিএনপি কর্মি নূরে শেখ নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই বর্বরোচিত হামলায় নূরে শেখের পুত্রসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে নূরে শেখ তার ছেলে, মফিজ মুন্সি, আলী হুসাইন ও হিজবুল শেখসহ ৬-৭ জন মিলে বিলের জমিতে ধান কাটতে যান।
এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ক্যাডার শীর্ষ সন্ত্রাসী সোহেল মোল্লা, সাইফুল মোল্লা ওরফে কালাই এবং মাদক ব্যবসায়ী আউয়াল শেখের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী রামদা ও লাঠিসোঁটাসহ তাদের ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, অ্যাডভোকেট শহিদুল মোল্লা স্পটে থেকে ই নেতৃত্ব দিয়েছেন।
সন্ত্রাসীদের নৃশংস হামলায় ঘটনাস্থলেই ৫-৬ জন রক্তাক্ত জখম হন। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর আনুমানিক ১টার দিকে নূরে শেখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে এই ঘটনাকে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী নেতার মদদে এবং অ্যাডভোকেট শহিদুল মোল্লার নীল নকশায় এই হামলা চালানো হয়েছে, যার নেতৃত্বে ইতিপূর্বেও এলাকায় একাধিক খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্ত সন্ত্রাসীদের বিচার ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আহত অন্যদের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।