আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিঙ্গাশোলপুর ইউনিয়ন এলাকায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া।
নিহতরা হলেন— বড়কুলা গ্রামের নিউটন গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, চাচাতো ভাই ফেরদৌস শেখ এবং খায়ের গ্রুপের সাবেক চেয়ারম্যান ওসিবুর মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও নিউটন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিউটন গ্রুপের তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের সাবেক চেয়ারম্যান ওসিবুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি ওলি মিয়া জানান, এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।