বান্দরবানের থানচি উপজেলা সদরে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে আবদুল কাদের (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কিশোরটি প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়ে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আবদুল কাদের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইস ইউনিয়নের মৌলভির দোকান এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোকানটির মালিক নুরুল আলম ঘটনার সময় দোকানে ছিলেন না। হঠাৎ বিকট শব্দে মেশিনটি বিস্ফোরিত হলে গুরুতর আহত হন কাদের। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব দাশ জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।