পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে কামরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
নিহত লোকমান হোসেন (৫৫) ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সকালে বাবা লোকমান হোসেনের কাছে টাকা চান তিনি। টাকা না দেওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নিজ ঘরের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেন কামরুল। ঘটনাস্থলেই লোকমান হোসেনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।