ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাসিনা বেগম (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৮)। আহত চাঁদ (১২), হৃদয় (২৫) ও নিলুফা (৩৬) বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেটকারে যাচ্ছিলেন তারা। শাহবাজপুর প্রথম গেটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাস প্রাইভেটকারকে চাপা দেয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ বাস ও প্রাইভেটকার জব্দ করে আইনি ব্যবস্থা নিচ্ছে।
মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।