স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে শপথ নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এর আগে প্রথম ধাপে সকাল পৌনে ১১টার দিকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।
ফলাফলের চিত্র
বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। জামায়াতে ইসলামী জয়লাভ করেছে ৬৮টি আসনে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয় পেয়েছে।
ভোটের হিসাবে বিএনপি পেয়েছে ৪৯.৯৭ শতাংশ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রাপ্ত ভোট ৩১.৭৬ শতাংশ। এনসিপি (শাপলা কলি) ৩.০৫ শতাংশ, ইসলামী আন্দোলন (হাতপাখা) ২.৭০ শতাংশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা) ২.০৯ শতাংশ ভোট পেয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। সরকার গঠন করতে যাওয়া বিএনপি সর্বোচ্চ ২৯১টি আসনে প্রার্থী দেয়। অন্যদিকে জামায়াতে ইসলামী ২২৯টি আসনে প্রার্থী দিয়ে ৬৮টিতে জয় নিশ্চিত করে।