মাগুরায় আওয়ামী লীগ-এর জেলা কার্যালয় উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরের পর শহরের জামরুলতলা এলাকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মোনাজাতের মধ্য দিয়ে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বিকেলের দিকে হঠাৎ করেই একদল বিক্ষুব্ধ ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা কার্যালয়ে প্রবেশ করে অফিস কক্ষ ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অফিসে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র বা কাগজপত্র ছিল না; কক্ষটি প্রায় খালি অবস্থায় ছিল। বিক্ষোভকারীরা দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং একটি টেবিলে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে মাগুরা থানা হেফাজতে রয়েছেন। উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই এ ধরনের সহিংস ঘটনার জেরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আইন অমান্য করে কেউ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ নাশকতা চালানো হয়েছে, তা উদ্ঘাটনে প্রশাসন তদন্ত শুরু করেছে বলে জানা ।