অপপ্রচারের বিরুদ্ধে বকশীগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
বকশীগঞ্জে অতিরিক্ত বাস ভাড়া ফেরত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বাস মালিক সমিতি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ বাস মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ঢাকা থেকে অসংখ্য মানুষ বকশীগঞ্জে আসেন। ভোটদান শেষে কর্মস্থলে ফেরার সময় কিছু অসাধু বাস ব্যবসায়ী নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করেন। ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে অতিরিক্ত আদায়কৃত টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেন।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সাধারণ যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল। তিনি বলেন, “আমি এই অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করায় একটি কুচক্রী মহল ক্ষুব্ধ হয়েছে। তারা এখন আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।”
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে বিপ্লব বলেন, তার বাবা মরহুম আব্দুর রশিদ ভুলু সওদাগর বকশীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি নিজেও উপজেলা যুবদলের সভাপতি এবং বিগত সরকারের আমলে একাধিক রাজনৈতিক মামলার আসামি হয়েছেন বলে দাবি করেন। এ প্রেক্ষাপটে তাকে প্রতিপক্ষের সহযোগী হিসেবে আখ্যা দেওয়াকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “আমি যতদিন মালিক সমিতির দায়িত্বে আছি, বকশীগঞ্জে কোনো ধরনের চাঁদাবাজি বা যাত্রী হয়রানি হতে দেব না।”
সংবাদ সম্মেলনে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, যাত্রীদের স্বার্থ রক্ষায় কাজ করতে গিয়ে কোনো সৎ ব্যক্তি যেন প্রতিহিংসার শিকার না হন, সেদিকে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন। অপপ্রচার মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন তারা।