ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিতে করে মাদক পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা পূর্বপাড়া এলাকা থেকে একটি নীল-সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি আটক করে।
পরে সিএনজিটি তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া মধ্যপাড়ার মোহাম্মদ সায়মন (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারুয়া (ডেঙ্গুরতলা) এলাকার মোঃ সাঈম রানা (২৬)।
এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।