নরসিংদী জেলার বেলাবো উপজেলায় তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ (মঙ্গলবার) উপজেলার পাটুলী ইউনিয়নের বাদশার মোড় এলাকায় সন্দেহভাজন মুদি দোকানগুলোতে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত পণ্য মজুত রয়েছে কি না তা যাচাই করা হয়।
অভিযানকালে একজন দোকানদারকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজ সারতাজ জায়েদ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।