ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা মসজিদ কমপ্লেক্স এলাকায় জোহরের নামাজ আদায় শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন— ১ নং চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং ৪ নং গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল হক চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ শেষে মসজিদ কমপ্লেক্স থেকে বের হওয়ার পর উপস্থিত জনতা তাদের ঘিরে ধরে। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
পরে পুলিশ তাদের নাসিরনগর থানায় নিয়ে যায় এবং বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।