মাগুরা শহরের নতুন বাজার এলাকার একটি অয়েল মিলে মেশিন দুর্ঘটনায় সোবাহান (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোবাহান মাগুরা শহরের দুয়ারপাড়া এলাকার শহর আলীর ছেলে এবং তিনি অলক অয়েল মিলে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও মিল সূত্রে জানা যায়, সকালে কাজ করার সময় হঠাৎ অয়েল মেশিনের ঘূর্ণায়মান ফিতার সঙ্গে পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা দ্রুত মেশিন বন্ধ করে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
মিলের মালিক অলোক বিশ্বাস জানান, “কাজ করার সময় অসাবধানতাবশত মটরের ফিতায় জড়িয়ে পড়ে সোবাহান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।”
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া বলেন, “গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান নাগরিক প্রতিদিনকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।