নেত্রকোণা মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯৪০ পিস ইয়াবা, ২টি ল্যাপটপ, ১২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটকারিরা হলেন নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর রেলক্রসিং এলাকার বাসিন্দা টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সোনিয়া আক্তার (২৫)। পুলিশ জানিয়েছে, তারা সবাই একই পরিবারের সদস্য।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারের তত্ত্বাবধানে এসআই মোশাররফ ও এসআই তৌফিকের নেতৃত্বে একটি বিশেষ দল রোববার দিবাগত গভীর রাতে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা, ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তিন নারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া নগদ অর্থ মাদক বিক্রির টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।