মাগুরায় বহুল প্রতীক্ষিত বাণিজ্য মেলার উদ্বোধনী মঞ্চ পরিণত হলো তীব্র রাজনৈতিক ও সাংস্কৃতিক সমালোচনার কেন্দ্রে। শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বিগত পৈশাচিক সরকার পরিকল্পিতভাবে দেশের সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে, দমিয়ে রেখেছে সৃজনশীলতার বিকাশ। তিনি আরও বলেন, সংস্কৃতি কোনো সরকারের করুণার বিষয় নয়-এটি জাতির আত্মপরিচয়ের মূল ভিত্তি। সেই ভিত্তিকেই দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছিল, যা থেকে দেশকে বের করে আনতে বর্তমান সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ।
বক্তারা বলেন, এই বাণিজ্য মেলা শুধু কেনাবেচার ক্ষেত্র নয়, বরং স্থানীয় অর্থনীতিকে সচল করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দেশীয় পণ্যের প্রসার, ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশ এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে এ মেলা কার্যকর ভূমিকা রাখবে। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীদের অংশগ্রহণে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। হস্তশিল্প, পোশাক, ইলেকট্রনিক্সসহ নানা পণ্যের সমাহারে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে প্রথম দিন থেকেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্টরা আশা করছেন, এই মেলা মাগুরার অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ মানুষের মাঝে বিনোদন ও বাণিজ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।