বগুড়ার শাজাহানপুরে ইট-বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে রকি (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বনানী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রকি উপজেলার গণ্ডগ্রাম নতুনপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ইট-বালু সরবরাহের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রকির বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা ছিল। ঘটনার দিন দুপুরে বনানী কাস্টমস অফিসের সামনে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই রানা অভিযোগ করে বলেন, “আমার ভাইকে মোবাইল ফোনে ডেকে বনানী এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, তার মরদেহ পড়ে আছে। ব্যবসায়িক বিরোধ থেকেই প্রতিপক্ষরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।