মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা মাসুদ সাঈদী। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তায় তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
জনগণের দুঃখ-দুর্দশা সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন।
১৮ এপ্রিল (শনিবার) দিনব্যাপী সফরে তিনি টোনা, শিকদার মল্লিক ও কদমতলা ইউনিয়ন ঘুরে দেখেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
সফরকালে কদমতলা ইউনিয়নে সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান তিনি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। একইভাবে শিকদার মল্লিক ইউনিয়নের বকুলতলা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি দোকানের মালিকদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এছাড়া কদমতলা ইউনিয়ন পরিষদে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের মেম্বার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকার উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সফরকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সহকারী সেক্রেটারি ও কদমতলা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল আমিনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা তার এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।