মাগুরায় ডিবির জালে মাদক কারবারি ৪২ বোতল এসকাফসহ দুই নারী আটক
মাগুরায় থেমে নেই মাদকের ছোবল। ফেনসিডিলের বিকল্প হিসেবে নতুন নামে মাদক ছড়িয়ে দেওয়ার অপচেষ্টায় জড়িত দুই নারীকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪২ বোতল এসকাফ (কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ)। বুধবার (১৫ এপ্রিল ) রাত ৯টা ২০ মিনিটে মাগুরা সদর থানার পুলিশ লাইন দক্ষিণ পাড়া (কুকনা ঘোষপাড়া) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা যায়, জেলা পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন (পিপিএম)-এর কঠোর নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মুন্সী রাসেল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন-মোছা: ফাতেমা বেগম (৩৬) ও মিতা খাতুন (৩০)। তারা উভয়ই মৃত হাফেজ বিশ্বাসের কন্যা এবং একই এলাকার বাসিন্দা। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অত্যন্ত গোপনে সাধারণ মানুষের চোখ ফাঁকি দিয়ে ফেনসিডিলের বিকল্প হিসেবে “এসকাফ” সিরাপ মাদক হিসেবে বিক্রি করে আসছিলেন, যা এলাকায় নতুন করে মাদক বিস্তারের শঙ্কা তৈরি করছিল। ডিবি পুলিশের এই অভিযানে আবারও স্পষ্ট হলো-মাদক ব্যবসায়ীরা যতই কৌশল পাল্টাক, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাগুরাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।