মোহনগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির পচা মরদেহ উদ্ধার
রানা খান,নেত্রকোণা
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) উপজেলার ৭নং গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের উত্তর পাশে ধলি হাওরের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বরান্তর গ্রামের উত্তর পাশে ধলি হাওরের ধানক্ষেতে কাজ করতে গেলে স্থানীয় কৃষকরা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এটি অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ বলে ধারণা করা হচ্ছে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধলি হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির পচা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।