বদলগাছিতে কৃষি সেচ সুবিধা বৃদ্ধি এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার চাঁপাইনগর এলাকা থেকে আধাইপুর পর্যন্ত এই খনন কাজের ফলক উন্মোচন করেন নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এমপি। উপজেলার চাঁপাইনগর বাছিরের বাড়ি থেকে শুরু হয়ে আধাইপুর শেষ মাথা পর্যন্ত বিস্তৃত এই খালের খনন কাজ কোদাল দিয়ে মাটি কেটে সূচনা করেন প্রধান অতিথি। সরকারের এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের মরা খালটি পুনরায় প্রাণ ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, বিগত সময়ে মেগা উন্নয়নের আড়ালে সাধারণ মানুষের প্রকৃত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। এই মরা খালগুলোই তার প্রমাণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম যে খাল খনন বিপ্লব শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে পুনরায় এই কাজ শুরু করেছেন। তিনি আরও জানান, মরা খালগুলোকে জীবিত করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। তবে এই খনন কাজের মাধ্যমে শুধু সেচ সুবিধাই নয়, খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে এবং জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য গড়ে তোলা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ইজিপিপি (EGPP) প্রকল্পের আওতায় এই কাজ সম্পন্ন হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি জানান, ইজিপিপি প্রকল্পের আওতায় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে প্রথম ধাপে ৭৫০ মিটার খাল পুনঃ খননে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৫লক্ষ ৫৭ হাজার টাকা । প্রাকৃতিক জিব বৈচিত্র রক্ষার পাশাপাশি কৃষি জমিতে সেচ কাজ বিনামুল্যে করতে পারবে কৃষক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিরুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগী সাধারণ জনগণ।