সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে মালিহা বিনতে মাহফুজ (১৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটির নাতনি।
রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকার শ্যামলী শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি।
পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে হামে আক্রান্ত হলে প্রথমে মালিহাকে উল্লাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শ্যামলী শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।