সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার ফয়সালকে সংবর্ধনা, প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
সাফজয়ী অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের কৃতি সন্তান নাজমুল হুদা ফয়সালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফয়সালের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ফয়সালের এই সাফল্য ব্রাহ্মণবাড়িয়াসহ পুরো দেশের জন্য গর্বের। তার অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে।
পরে সংবর্ধিত অতিথিকে নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় খেলোয়াড়রা অংশ নেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।