সাতক্ষীরার পাটকেলঘাটায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়া কার্যক্রম পরিচালনার অপরাধে ইসলামকাটি এলাকার ‘রানী ব্রিকস’ এবং জেঠুয়া এলাকার ‘ব্রাদার্স ব্রিকস’ নামের দুটি ইটভাটার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ‘রানী ব্রিকস’ দীর্ঘদিন ধরে অন্য একটি ইটভাটার কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করে দণ্ডবিধি ও পরিবেশ আইনের আওতায় দুই ভাটাকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার কারণে এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।