বাজারে যাওয়া হলোনা বেলালের, বাড়ি ফিরলেন লাশ হয়ে
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন বেলাল (৬২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর বাজারের উত্তর পাশে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলায়েত হোসেন বেলাল উপজেলার শ্যামপুর ইউনিয়নের মেঘারবাড়ী এলাকার আব্দুর রহিম সরকারের ছেলে। তিনি মেলান্দহ বাজারের মেসার্স কেবি ট্রেডার্স ও মেসার্স সোনালী ব্রিক্সের স্বত্বাধিকারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে মেলান্দহ বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।