১৩ লাখ জাল নোট ও ১৯৬ বোতল মাদকসহ সিরাজগঞ্জে আটক ৫
সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে জাল নোট ও মাদকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদর কোম্পানির সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ জাল টাকা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়,গত ২৯ মার্চ ২০২৬ দুপুর ৩টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালায় র্যাব-১২ এর একটি দল। এ সময় ৫১ হাজার টাকার জাল নোট ও ২টি মোবাইলসহ মো. রবিউল ইসলাম (২০) ও মো. আবুল হাসান (২৯) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় পলাতক আসামি মো. হাকিম শেখ (৩৬)-এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশ এলাকায় জাল টাকা খাঁটি নোট হিসেবে বিক্রি ও লেনদেন করে আসছিল। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অপরদিকে, ৩০ মার্চ ২০২৬ সকাল ৮টা ৪০ মিনিটে র্যাব-১২ এর আরেকটি দল সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোল বাজারের বিলকুলি মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১৯৬ বোতল ইস্কাফ মাদক ও ৪টি মোবাইলসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোস্তাফিজুর রহমান (৩০), মো. মনিরুজ্জামান (৩৯) ও মোসা. রোজিনা বেগম (৩৫)।
র্যাব জানায়, মোস্তাফিজুর রহমান জয়পুরহাট থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মাদক নিয়ে সিরাজগঞ্জে আসে। অন্যদিকে মনিরুজ্জামান ও রোজিনা দীর্ঘদিন ধরে নিজ বাসা থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-১২।