সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকা থেকে ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি লরি জব্দ করেছে পুলিশ। এ সময় লরির চালক মো. রিপন শেখকে (৩৮) আটক করা হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ এই অভিযান চালায়। আটক চালক মো. রিপন শেখের বাড়ি খুলনা জেলার খালিশপুর এলাকায়। তার পিতার নাম ইসমাইল শেখ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে গাভা এলাকায় সন্দেহজনক অবস্থায় লরিটিকে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লরিটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। এ সময় অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে ৭ হাজার লিটার পেট্রোলসহ লরিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয় এবং চালককে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, জব্দকৃত লরিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আটক চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।