নিজ জেলা পাবনায় চারদিনের সরকারি সফরে দ্বিতীয়দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হলেন।
রবিবার সন্ধা ৭টার কিছু সময় পর পাবনা প্রেসক্লাবে উপস্থিত হন রাষ্ট্রপতি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ক্লাবের জীবন সদস্য স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
পরে ক্লাব মিলনায়তনে রাষ্ট্রপতি তার সতীর্থ সহকর্মী সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হন। সে সময় রাষ্ট্রপতি পাবনার মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা জীবন, শৈশবকাল নিয়ে স্মৃতিচারণ করেন। হাসি, আনন্দ, খুনসুঁটিতে মেতে ওঠেন। তিনি এমন আনন্দঘন আড্ডা মিস করেন বলেও অভিমত ব্যক্ত করেন।
এর আগে সকালে রাষ্ট্রপতি আরিফপুর সদর কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একইদিন সন্ধ্যা সাতটায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন। পরদিন মঙ্গলবার পাবনা সার্কিট হাউজে গার্ড অফ অনার গ্রহণ শেষে বঙ্গভবনের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা দেবেন রাষ্ট্রপতি।
গত শনিবার দুপুরে হেলিকপ্টারযোগে পাবনায় যান রাষ্ট্রপতি। নতুন সরকার গঠনের পর নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতির এটাই প্রথম সফর।