ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে পথশিশুদের সাথে ঈদুল ফিতর উদযাপন করেছে আখাউড়া বন্ধন ব্লাড ফাউন্ডেশন।
ঈদকে কেন্দ্র করে আজ আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় বসবাসরত ছিন্নমূল পথশিশুদের নিয়ে এ মানবিক আয়োজন করা হয়। সংগঠনটির সদস্যরা শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন এবং তাদের মাঝে ঈদের সালামি বিতরণ করেন, যা শিশুদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি করে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈকত চৌধুরী, সাধারণ সম্পাদক মোছাম্মত মিমসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের সদস্যরা জানান, তাদের মূল কাজ স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করা। এর পাশাপাশি তারা নিয়মিত অবহেলিত শিশু ও অসহায় বৃদ্ধদের নিয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তারা আরও জানান, নিজেদের ও উপদেষ্টাদের অর্থায়নে এই আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।