ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুই অভিযানে ট্রাকে বালুর নিচে বিশেষ কায়দায় লুকানো বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ চার চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মালবাহী ট্রাক থেকে বালুর নিচে লুকানো অবস্থায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৫০টি প্লাস্টিকের বস্তায় ৪ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ট্রাকটি ও প্রায় ১০০ ঘনফুট বালু।
এরপর রাত ২টা ২৫ মিনিটে একই স্থানে আরেকটি অভিযানে একটি ট্রাকের বালুর নিচ থেকে ৭৮টি প্লাস্টিকের বস্তায় ২ হাজার ৩৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় আরও দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। ট্রাকটি ও প্রায় ১০০ ঘনফুট বালুও জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন— সিলেটের বিশ্বনাথ উপজেলার সূর্যা কাপন গ্রামের মো. আব্দুস সহিদ (৪৩), জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মো. সেলিম আহম্মেদ (৩০), পাবনার সাথিয়া উপজেলার জশমন্তুদলিয়া গ্রামের মো. জসিম প্রামানিক (২৮) এবং আমিনপুর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মো. রাকিব শেখ (১৮)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।