কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন যুবদলের এক নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শহিদুল্লাহ (৫৫) নামে ওই নেতাকে আটক করা হয়। আটককৃত শহিদুল্লাহ পূর্ব পোকখালী দক্ষিণ পাড়ার এনামুল হকের ছেলে এবং পোকখালী ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুসলিম বাজার সংলগ্ন নূর আলমের ফার্মেসির সামনে অবস্থানরত কয়েকজনকে ধাওয়া করলে শহিদুল্লাহকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনে ব্যবহৃত ১২টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পোকখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আজম খাঁন ও সাধারণ সম্পাদক মনজুর আলম জানান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেনের নির্দেশনায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শহিদুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।