ঝালকাঠির নলছিটি উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনে বোর্ডের হাট বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের সাঈদের চায়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাত হওয়ায় বেশিরভাগ দোকান বন্ধ ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির সৃষ্টি করে।
খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৬টি দোকান ও ভেতরের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।