ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সমবায় এলাকায় ঝালকাঠি–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজাপুর সদর থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অটোরিকশা সমবায় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম চালালেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত খলিলুর রহমান উপজেলার পুটিয়াখালী এলাকার ইমান আলী খানের ছেলে বলে জানা গেছে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।