রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। তীব্র এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বহুতল ভবন থেকে নিচে নেমে আসেন।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলা থেকে প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির নিচে মাত্র ৯.৮ কিলোমিটার। অগভীর হওয়ায় কম্পন বেশ জোরালোভাবে অনুভূত হয়েছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, দেশটির পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল প্রায় ৫।
চলতি মাসের শেষ দিকে দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। জরুরি পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এর আগে গত বুধবার রাতে ৫.১ মাত্রার এবং বৃহস্পতিবার দুপুরে ৪.৬ মাত্রার দুটি পৃথক ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। ১৩ ঘণ্টার ব্যবধানে দুটি কম্পনের পর জুমার নামাজের পরপরই আবারও বড় মাত্রার এই ভূমিকম্প জনমনে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।