ফ্যামিলি কার্ডের আদলে কৃষকদের জন্য ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দ্রুত পাইলট প্রকল্প শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, নীতিগতভাবে কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এবার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব শিগগিরই ফ্যামিলি কার্ডের মতো পাইলট প্রকল্প আকারে স্মার্ট কৃষক কার্ড বিতরণ শুরু হবে।
মন্ত্রী আরও বলেন, এই কার্ডের মাধ্যমে উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সুবিধা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রকৃত কৃষকদের অধিকার নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। ধাপে ধাপে দেশের সব কৃষককে এ কার্ডের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি তিনি এখনো পূর্ণাঙ্গভাবে দেখেননি; দেখে পরে মন্তব্য করবেন।