ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি অ্যাম্বুলেন্স জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়ইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি অ্যাম্বুলেন্স আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ২৮ (আঠাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শাওড়া গ্রামের মৃত আনোয়ার হোসেন এর ছেলে মোঃ সোহাগ (৩১) ও রংপুর জেলার সদর উপজেলার পশ্চিম বাবুখাঁ গ্রামের মৃত মোহাম্মদ আলী এর ছেলে মোঃ শাহাজুল ইসলাম (৪৭)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অ্যাম্বুলেন্স বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।