ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সাধারণ ছাত্র জনতার উদ্যোগে উন্মুক্ত ইফতার সংগ্রহ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই কর্মসূচির সূচনা করা হয়।
আয়োজকরা জানান, উন্মুক্ত এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ইফতার সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহ তালিকায় রয়েছে মুড়ি, খেজুর, শরবত, বড়ই, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, পানির বোতলসহ বিভিন্ন ফলমূল ও নগদ অর্থ। পরবর্তীতে এসব সামগ্রী রোজাদারদের মাঝে বিতরণ করা হবে।

কর্মসূচির মূল উদ্যোক্তা হেল্পফুল সোসাইটি সংগঠনের প্রতিষ্ঠাতা মকবুল আহমেদ মারুফ। এ সময় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাবের হোসেন, সদস্য সচিব আরিফ বিল্লাহ আজিজি, দ্যা রেড জুলাই ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি সুলতান নাঈম উদ্দীনসহ স্থানীয় ছাত্র প্রতিনিধিরা।
উদ্যোক্তারা বলেন, “এটি সম্পূর্ণ উন্মুক্ত উদ্যোগ। যে কেউ চাইলে ফলমূল, মুড়ি, খেজুর, ভাজাপোড়া বা সামর্থ্য অনুযায়ী যেকোনো ইফতার সামগ্রী এনে সহযোগিতা করতে পারবেন।”
তারা আরও জানান, সবার সাড়া ও সহযোগিতা পেলে পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম চলমান রাখা হবে।