বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিদ্যুতের ঘাটতি থাকা সত্ত্বেও রমজান মাসে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সার্কিট হাউজ-এ জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন—
“রোজার মাসে ইফতার, তারাবিহ ও সেহরির সময় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যায়, সে চেষ্টা আমাদের রয়েছে। বিদ্যুতের ঘাটতি আছে, তবে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে জনদুর্ভোগ কমাতে আমরা কাজ শুরু করেছি।”
তিনি দেশবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ খাতের সংকট কাটিয়ে ওঠা সম্ভব।
সেচ মৌসুমে চাষিদের অগ্রাধিকার
আসন্ন বোরো মৌসুমে রেশনিং করেও কৃষকদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন—
“রমজানের পরই সেচ মৌসুম শুরু হবে। চাষিদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ও পানি নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। প্রয়োজনে অন্য খাত থেকে রেশনিং করে হলেও সেচে অগ্রাধিকার দেওয়া হবে।”
এ লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।