নরসিংদীর রায়পুরায় গুলি করে রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও র্যাব-১১–এর যৌথ দল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৯।
গ্রেফতারকৃতরা হলেন—নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধূয়া এলাকার মৃত নয়ন মিয়ার ছেলে রাকিব মিয়া (২২) ও রিমন মিয়া (২০)। তারা হত্যা মামলার ৮ ও ১০ নম্বর এজাহারভুক্ত আসামি বলে জানানো হয়েছে।
যেভাবে ঘটে হত্যাকাণ্ড
র্যাব জানায়, নিহত রফিকুল ইসলাম রফিক রায়পুরা থানাধীন গাজীপুর এলাকার বাসিন্দা। পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ভুক্তভোগীর ছোট ভাইয়ের মেয়েকে জোরপূর্বক নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা চলছিল।
গত ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রফিকুল ইসলাম গাজীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। একপর্যায়ে পিস্তল দিয়ে গুলি করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলা ও গ্রেফতার অভিযান
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব। অভিযানে দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।