ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাহ্মণপাড়া এলাকায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পথচারীরা মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, নিহত নারীর গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।