স্টাফ রিপোর্টার:
শপথের দিনেই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা ডিউটি-ফ্রি সুবিধায় গাড়ি এবং সরকারি বরাদ্দের প্লট গ্রহণ করবেন না বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলীয় প্রধান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক নৈতিকতার বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত এসেছে। তিনি বলেন, “জনগণের আস্থা অটুট রাখতে এবং স্বচ্ছ রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় আমাদের সংসদ সদস্যরা ব্যক্তিগত সুবিধা পরিহার করার সিদ্ধান্ত নিয়েছেন।”
এর আগে সকাল পৌনে ১১টায় তারেক রহমানসহ বিএনপির নির্বাচিত এমপিরা সংবিধান অনুযায়ী শপথ নেন। শপথ শেষে সংসদীয় দলের বৈঠকে সংসদে দলের ভূমিকা, রাজনৈতিক শালীনতা বজায় রাখা এবং জনস্বার্থের ইস্যুতে সোচ্চার থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
দলীয় সূত্র জানায়, সরকারে কিংবা বিরোধী দলে—যে ভূমিকাই থাকুক না কেন, বিএনপির এমপিরা সক্রিয় উপস্থিতি নিশ্চিত করবেন এবং জবাবদিহিতার রাজনীতিকে অগ্রাধিকার দেবেন।