টিউশনিতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা জুবায়েদকে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বৃহত্তর উত্তরা থানা সংসদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সিকদার।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ভিন্নমতের কারণে তরুণদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার মতো ঘটনা বেড়ে চলেছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও নিরাপত্তার জন্য একটি বিপজ্জনক ইঙ্গিত। একজন তরুণ ছাত্রনেতাকে এভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, জুবায়েদ হত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সাম্য, তোফাজ্জলসহ পূর্বে সংঘটিত সকল রাজনৈতিক হত্যাকাণ্ডেরও বিচার সম্পন্ন করা জরুরি। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের সাহস জুগিয়েছে, এখনই সেটার অবসান ঘটাতে হবে। তিনি নিহত জুবায়েদের পরিবারের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেন এবং রাষ্ট্রের প্রতি আহ্বান জানান যেন এই ঘটনার তদন্তে কোনো প্রকার প্রভাব বা পক্ষপাতের সুযোগ না থাকে।ইব্রাহিম সিকদার নিহত জুবায়েদের পরিবারের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জানিয়ে বলেন, “যে তরুণদের হাতে আগামী বাংলাদেশ গড়ার দায়িত্ব, তারাই যদি বারবার এভাবে হারিয়ে যায়, তাহলে আমরা কেমন ভবিষ্যতের দিকে এগোচ্ছি?” তিনি সরকারের প্রতি আহ্বান জানান, রাজনৈতিক মতভেদের নামে সহিংসতার এই ধারাকে বন্ধ করে নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে।