রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে ভোটারদের ভোট দিতে হবে ভিন্ন রঙের ছয়টি ব্যালটে। প্রত্যেক ভোটার সময় পাবেন ১০ মিনিট। আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পোলিং এজেন্টদের সঙ্গে আলোচনাসভায় এসব তথ্য দেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ।সভায় নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানান, একজন প্রার্থীর ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করে পোলিং অফিসারের থেকে তালিকায় স্বাক্ষর করে ভিন্ন রঙের ছয়টি ব্যালট পেপার সংগ্রহ করতে হবে। পরে গোপন বুথে গিয়ে তা পূরণ করবেন।এতে প্রথম ব্যালট পেপারে থাকবে সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক; দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যালটে থাকবে বিভিন্ন সম্পাদকীয়; পঞ্চম ব্যালটে থাকবে সিনেটে ছাত্র প্রতিনিধি এবং সবশেষে ষষ্ঠ ব্যালটে থাকবে হল সংসদের প্রার্থীদের তালিকা। ভিন্ন রঙের ব্যালট গোপন বুথে পূরণ শেষে ভোটারদের ভিন্ন ভিন্ন রঙের স্বচ্ছ ব্যালট বাক্সে রাখতে হবে।প্রতি ভোটার ভোট দিতে সময় পাবেন ১০ মিনিট করে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারিতে অংশগ্রহণকারী ভোটাররা তাদের ভোট দিতে পারবেন।