আতিকুর রহমান আতিক, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ আটক পুলিশের সহকারি সাব ইন্সপেক্টর (এএসআই) আনিসুর রহমানকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি/২৫) বিকালে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হাসান এ আদেশ দেন।
আনিসুর রহমান লালমনির হাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানায় এএসআই পদে কর্মরত।
গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (সিএসআই) শরিফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে সকাল ১১ টার দিকে গ্রেপ্তার ওই পুলিশ কর্মকর্তাকে জেলা কারাগারে পাঠানোর আবেদনসহ আদালতে উপস্থিত করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি/২৫) রাতে এএসআই আনিসুর রহমানকে সাড়ে নয় কেজি গাঁজাসহ পৌর শহরের মায়ামনি মোড় থেকে আটক করা হয়।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত অ্যাঞ্জেলা জানান, গাঁজাসহ আটক পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ সুপার।