শালবন চৌধুরী
কুমিল্লা বিমানবন্দর পুনরায় কবে চালু হবে? সকল সুযোগ-সুবিধা থাকার পরেও চালু হচ্ছে না কুমিল্লা বিমানবন্দর। বিমান বন্দরটি চালু হলে কুমিল্লা ইপিজেডে বিদেশী বিনিয়োগসহ কর্মসংস্থান হতো আরও বিপুল সংখ্যক মানুষের।
যাত্রী কমে যাওয়ার অজুহাতে ১৯৮০ এর দশকের মাঝামাঝিতে কুমিল্লা বিমান বন্দরটি বন্ধ হয়ে যায়। কিন্তু কখনো কখনো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট থেকে বাঁচতে এবং কুমিল্লা ইপিজেড ও বিবিরবাজার স্থল বন্দরের কারণে এই রুটে পুনরায় বিমান চলাচল শুরু করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টগণ।
তারা জানান, কুমিল্লা ইপিজেড-এ প্রায় শত শত বিদেশি কাজ করেন। তাই তাদের যাতায়াতের জন্য হলেও বিমান চলাচল চালু করা জরুরি। এছাড়া বিমানবন্দরের জায়গার কোনো অংশও এভাবে পতিত পড়ে থাকলে ভূমি দস্যুদের হাতে বেদখল হয়ে যেতে পারে বলেও অনেকে আশঙ্কা করেছেন। অথচ কিছু সংস্কার কাজ করে সিদ্ধান্ত নিলেই পুনরায় কুমিল্লা বিমান বন্দরটি চালু করা সম্ভব।
কুমিল্লা বিমান বন্দর পুনরায় চালু করা এবং অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের দাবিতে বিগত বছরগুলোতে কুমিল্লার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা, সাংবাদিক ও সর্বস্তরের জনগণ মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত কুমিল্লা বিমান বন্দরে ১৯৮৬ সাল পর্যন্ত অভ্যন্তরীণ রুটের বিমান চলাচল স্বাভাবিক ছিল। বিমান বন্দরটি চালু হলে ইপিজেডে বিদেশী বিনিয়োগসহ কর্মসংস্থান হতো আরও বিপুল সংখ্যক মানুষের।