আমিনুল ইসলাম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জে নিখোঁজের চার দিন পর মোরশেদ আলম(৬০) নামে একজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে চিতোষী সড়কের কলচমা শামার দোকানের পিছনে খাল হতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মোরশেদ আলম পৌরসভার ৪নং ওয়ার্ড কলচমা মান্দারি বাড়ির মৃত. জবুল হকের বড় ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরশেদ আলম বৃহস্পতিবার রাত ৮টায় বাড়ি থেকে যথারীতি স্থানীয় দোকানে যান। কিন্তু অনেক রাত পর্যন্ত বাড়িতে ফিরে আসেননি এবং ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ ছিল। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজ খবর নেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিখোঁজের সন্ধান চেয়ে স্ট্যাটাস দেন। রবিবার থানায় জিডি করেন। সোমবার ১০টায় স্থানীয় লোকজন ঘটনাস্থলে লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারে লোকজন মোরশেদ আলমের লাশ হিসেবে সনাক্ত করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার লক্ষ্মীপুর মর্গে প্রেরন করেন।
নিহতের ছোট ভাই জহির উদ্দিন জানান, তাঁর ভাই মোরশেদ আলম আওয়ামীলীগের একজন সক্রিয়কর্মী ছিল৷ দলের যে কোন মিটিং মিছিলে সবার আগে আগে অংশ গ্রহন করতো।তাদের পারিবারিক ভাবে কোন কোন বিরোধও ছিল না৷ সে সুস্থ ও স্বাভাবিক ছিল৷
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার জানান, চিতোষী-পানিয়ালা সড়কের শামার দোকানের পিছনে খাল থেকে মোরশেদ আলমের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য লক্ষ্মীপুর জেলা মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা চলমান থাকবে।