কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং দ্রুত নির্বাচন দাবিতে উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো হায়দার আলীর হাতে স্মারকলিপি তুলে দেয় শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে ছাত্রসংসদের বিষয়ে শিক্ষার্থীরা মোট আটটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, গণতন্ত্রের চর্চা, সমস্যা সমাধানে ভূমিকা রাখা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার বিকাশ, ক্যাম্পাসের শান্তি বজায় রাখা, লেজুড়বৃত্তিক ও অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থেকে মুক্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা।
এনিয়ে ফার্মেসি বিভাগ ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, ‘ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে এসে রাজনীতি চর্চার কেন্দ্র হিসেবে তৈরি হবে। এতে বিশ্ববিদ্যালয় রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ হবে। আমরা আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব শীঘ্রই কেন্দ্রীয় ছাত্র সংসদ চালু করবে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক উপায়ে ছাত্র প্রতিনিধি তৈরির একটা সুযোগ সৃষ্টি করবে।’
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইকবাল বলেন, আমরা চাই এই অন্তবর্তীকালীন সরকারের আমলে আমাদের বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন (কুকসু) হউক, যাতে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক যে কোনো দাবি তুলে ধরতে আর কোনো সমস্যা না হয় এবং এটি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নেতৃত্ব বিকাশ এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গে ছাত্রদের পক্ষ থেকে আমি একটি স্মারকলিপি পেয়েছি। আলোচনা করে পরে এটি নিয়ে সিদ্ধান্ত জানাবো।’