কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরি অবস্থিত প্রশাসনিক ভবনের পঞ্চম তলায়। এর পাশাপাশি রয়েছে একটি ই-লাইব্রেরিও। তবে কেন্দ্রীয় লাইব্রেরির বিষয়ে জ্ঞাত থাকলেও ই-লাইব্রেরির বিষয়ে জানেন না বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ই-লাইব্রেরির বিষয়ে জানা যায়, শিক্ষার্থীরা নিজেদের ডিভাইসে ই-লাইব্রেরির সুবিধা নিতে হলে www.openathens.net এই সাইটে গিয়ে log in এ ক্লিক করতে হবে। পরবর্তীতে log in to MyAthens অপশনে ক্লিক করে নিজের প্রতিষ্ঠানের নাম খোঁজার জায়গায় বিশ্ববিদ্যালয়ের নাম লিখে Comilla University সিলেক্ট করবে। পরবর্তী পেইজ থেকে শিক্ষার্থীদের কাছে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড চাওয়া হবে। সেখানে তারা User ID এর জায়গায় coue-resource এবং Password এর মধ্যে cou.library2006 লিখে লগইন বাটনে ক্লিক করলেই ই-লাইব্রেরির সাইটে লগইন করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা, তাদের প্রায় ৮০-৯০ শতাংশ শিক্ষার্থীই ই-লাইব্রেরির বিষয়ে অবগত নয়। প্রশাসনকেও শিক্ষার্থীদের জ্ঞাতার্থে তেমন কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।
এনিয়ে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ লিয়ন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি ই-লাইব্রেরী, এটা আমি জানতাম না । তবে আমার মতে ই-লাইব্রেরী থাকলে যেকোনো সময় যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক বই পেতে পারবো।
নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী ফাহিমা সুলতানা রাতুয়া বলেন, “আমাদের যে ই- লাইব্রেরি আছে সেটা জানতাম না, জানতে পারলে এটির ব্যবহার আমরা করতে পারতাম। বাসায় বসে ফোনে বিভিন্ন বই পড়তে পারলে ভালো হতো। অনেক সময় তো লাইব্রেরিতে যাওয়া যায় না বিভিন্ন কারণে। এ সম্পর্কে কিছু না জানার কারণে ব্যবহারও করতে পারছি না।”
এনিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান মো. মুহিউদ্দীন আলম বলেন, ‘আমাদের এই ই-লাইব্রেরির সিস্টেমটা কিছুদিন একটু সমস্যার কারণে বন্ধ ছিলো। কিন্তু বেশ কিছুদিন হয়েছে এটি চলছে। শিক্ষার্থীরা চাইলেই যথাযথ উপায়ে সাইটে গিয়ে ই-লাইব্রেরির সুযোগ সুবিধা নিতে পারবে। আমাদের লাইব্রেরিতে যে কম্পিউটারগুলো আছে সেগুলো থেকে তারা চাইলেই এই সুবিধা নিতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ই-লাইব্রেরির মাঝে বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস, টেইলর এন্ড ফ্রেঞ্চিস, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেসের মতো বেশ কয়েকটি প্রথম সারির পাব্লিকেশন আছে। আমরা প্রয়োজনে আরও সংযোজন করবো।