নুর মোহাম্মাদ, কক্সবাজার
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।
বৃহস্পতিবার ০৯ই জানুয়ারী শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এর সঞ্চালনায় বিকেল ৪টায় অনুষ্ঠান শেষ হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাচ প্রতিনিধিরা বিভিন্ন মতামত প্রধান করেন। তারা বলেন, বর্তমানে বিদ্যালয় পরিচালনা করার জন্য যে কমিটি টা হবে সেখানে নিরপেক্ষ পর্যালোচনা করে কমিটি করা হোক। তারা আরও জানান, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মধ্য থেকেই অনেক জ্ঞানী মানুষ আছেন যারা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করার স্বচ্ছতা আছে।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, তিনি বলেন, শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের অতীত ম্যানেজিং কমিটির আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং শাখা দুর্নীতির বিষয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনার নিয়েও কথা বলেন।
শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল কবির বিদ্যালয়ের পুকুর দখল নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দ্রুত বিদ্যালয়ের পুকুর ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব ব্যাংকের মাধ্যমে পরিচালনা করার আহ্বানও জানান তিনি।
শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, অতীতে বিদ্যালয়ের যে অবস্থা ছিল সে অবস্থা থেকে আমরা ফিরে আসতে চাই। প্রাক্তন শিক্ষার্থীর পরিষদের সাথে একমত পোষণ করে তারা আরো বলেন, সবাইকে একসাথে একমত হয়ে বিদ্যালয়ের শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি নুরুল হুদা কাজল। তিনি বলেন, ১৯৮৪ সাল থেকেই এই উচ্চ বিদ্যালয়ের সাথে ছিলেন এবং আগামীতেও থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, আজকে মতবিনিময় সভায় এসে ব্যাচ প্রতিনিধির মতামতে যতটুকু শুনেছি স্কুল প্রায় ধ্বংসের পথে এটা হতে দেওয়া যায় না এবং হতে দিবো না। তিনি শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল আলমকে উদ্দেশ্য করে বলেন, স্কুলের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য এবং শিক্ষার মান উন্নয়নে যেকোনো সময় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাথে আলোচনা করতে হবে এবং বিদ্যালয় পরিচালনা কমিটির মধ্যে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্যদের রাখতে হবে বলেও জানান তিনি।